​হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বিধান সূত্রধর ও সদস্য সচিব জনক চন্দ্র দেব, এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব ও সদস্য সচিব রনজিত চন্দ্র দেব।
​সভায় জানানো হয়, উপজেলার ৬টি ইউনিয়নে এবার মোট ৬৭টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হতে চলেছে। এর মধ্যে ১০টি মণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ, ৯টি গুরুত্বপূর্ণ এবং বাকিগুলোকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য এবং ৪২২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
​পূজা উদযাপনকালে সন্ধ্যা আরতি থেকে শুরু করে সারারাত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া মণ্ডপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার কঠোর সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের গুজব যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে খেয়াল রেখে যেকোনো ঘটনার সত্যতা নিশ্চিত করে তা প্রচার করার আহ্বান জানানো হয়। দুর্গাবৎস্যবকে সামনে রেখে মাদকের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
​প্রতিবছরের ন্যায় এবারও সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রেখে শারদীয় দুর্গা পূজা উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।