জামালপুর প্রতিনিধি: জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘শিল্প ও পণ্য মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক, প্রশাসক, জেলা পরিষদ, জামালপুর মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামালপুর জনাব মোরশেদা খাতুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর জনাব আফসানা তাসলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর জনাব মোঃ ইয়াহিয়া আল মামুন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে কবুতর ও বেলুন উড়িয়ে শিল্প ও পণ্য মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি পাটজাত পণ্যের ব্যবহার ও সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও ঐতিহ্যের সঙ্গে পাটের গভীর সম্পর্ক রয়েছে। পাটজাত পণ্য দেশের বিভিন্ন স্থানে ব্যবহারের পাশাপাশি আরও ব্যাপকভাবে জনপ্রিয় ও বাজারজাত করার সুযোগ রয়েছে। এ খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি মেলার সার্বিক পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলার প্রতি গভীর নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। একই সঙ্গে শিল্প ও পণ্য মেলার আয়োজনের জন্য আয়োজক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সভাপতির বক্তব্যে জনাব মোঃ ইয়াহিয়া আল মামুন জামালপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প ও নকশিকাঁথার কথা তুলে ধরেন। তিনি স্থানীয় ঐতিহ্যবাহী শিল্প ও পণ্য সংরক্ষণ, প্রচার এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

মেলায় স্থানীয় শিল্পী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন দেশীয় পণ্য, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, এই মেলার মাধ্যমে জামালপুরের স্থানীয় শিল্প ও পণ্যের পরিচিতি আরও বিস্তৃত হবে এবং উদ্যোক্তারা নতুন বাজার সৃষ্টি করার সুযোগ পাবেন।