পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তাকে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার একটি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিতে গিয়ে রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তাকে গুম ও হত্যার অভিযোগে ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন তার বাবা মনু মিয়া।
মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলাসহ বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।