শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাজাহান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা ও কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

এ সময় স্বাগত বক্তব্য দেন খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার শরিফুল কায়সার ,রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী স্বাধীন, সকোরপাড় আকবর আলী শাহ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।