হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছে ‘ধলাই মিয়া স্মৃতি পরিষদ’। এর অংশ হিসেবে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম, মধ্য সিংহগ্রাম ও পূর্ব সিংহগ্রামের বিভিন্ন সড়কে তালের চারা এবং বিভিন্ন পরিবেশবান্ধব বনজ, ফলদ ও ওষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
​রোববার (৪ অক্টোবর) দুপুরে মধ্য সিংহগ্রাম সড়কের হযরত শাহবায়েজিদ (রঃ) ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​পর্যায়ক্রমে তিনটি সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার চারা রোপণের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনের আগে ধলাই মিয়া স্মৃতি পরিষদের সভাপতি মহি উদ্দিন আহমেদ রিপনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-র হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লাখাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক এবং পরিবেশবাদী সংগঠন ‘নোঙর’-এর হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য পারভেজ হাসান।
​এছাড়াও আলোচনায় অংশ নেন পরিবেশকর্মী কামরুল হাসান, হযরত শাহবায়েজিদ (রঃ) ইসলামী একাডেমির প্রধান শিক্ষক হাফেজ জুবায়ের আহমেদ, শিক্ষক রুহুল আমীন এবং উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আকিব শাহরিয়ার। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
​বক্তারা ধলাই মিয়া স্মৃতি পরিষদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে বজ্রপাত রোধে তালের চারা রোপণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ। তারা কেবল গাছ রোপণ করলেই চলবে না, বরং সেগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার জন্য সকলের সম্মিলিত প্রয়াস চালিয়ে যাওয়ার ওপর জোর দেন।
​উল্লেখ্য, জনকল্যাণমূলক এই পুরো কর্মসূচিতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন ধলাই মিয়া স্মৃতি পরিষদের নির্বাহী সদস্য ও ইতালি প্রবাসী আব্দুর রকিব।