পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠের পাশে দেবীগঞ্জ–সোনাহার সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আলমগীর হোসেনসহ তিনজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়।
নিহত আলমগীর হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একজন হাস্যোজ্জ্বল, আন্তরিক ও সদালাপী শিক্ষক হিসেবে আলমগীর হোসেনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়েছেন তাঁর পরিচিতজনরা।
গভীর শোক ও দোয়া
প্রিয় শিক্ষক আলমগীর স্যারের এমন আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। স্কুলজীবনে তিনি ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল, আন্তরিক, সদালাপী ও ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো সবসময় শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ তায়ালা মরহুম আলমগীর হোসেন স্যারকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।