জামালপুরের ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁসারীপাড়া এলাকায় কাঁসা পল্লীর উন্নয়ন ও ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঁসা পল্লী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।
সভায় কাঁসা শিল্পের বর্তমান অবস্থা, পল্লীর উন্নয়ন এবং কাঁসা শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য কাঁসা পল্লীর উন্নয়ন ও কাঁসা শিল্পকে আধুনিক ও সমৃদ্ধ করতে ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য কাঁসা পল্লী নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে পল্লী নির্মাণ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কাঁসা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁসা পল্লী সমিতির সভাপতি উত্তম কর্মকার।
স্থানীয় কাঁসা শিল্পীদের আশা, সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে ইসলামপুরের কাঁসা পল্লী গড়ে উঠলে ঐতিহ্যবাহী এ শিল্পের প্রসার ঘটবে এবং কারিগরদের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।