জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝালুপাড়া সুবর্ণখালী নদীতে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে।