হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত এক্সক্যাভেটরের ইঞ্জিন হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সাথে লাইসেন্স ছাড়া তেল বিক্রির অপরাধে এক বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) উছমানপুর ইউনিয়নের মুড়িছড়া এলাকায় একটি চক্র অবৈধভাবে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় জড়িতরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় এক্সক্যাভেটরের ব্যাটারি খুলে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলেই এক্সক্যাভেটরটির ইঞ্জিন হাতুড়ি ও শাবল দিয়ে অকেজো ও ভেঙে ফেলা হয়। এদিকে, পৃথক আরেকটি অভিযানে উপজেলার আহমদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে তেল বিক্রির একটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী বৈধ লাইসেন্স ছাড়াই তেল বিক্রির অপরাধে জ্যোৎস্না আক্তার (স্বামী- মিজানুর রহমান, সাং- বনগাঁও) নামের ওই দোকানদারকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। জনস্বার্থে চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি কর্তনকারী এবং লাইসেন্স ব্যতীত জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।