খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ চক্ষু মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপি ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর চিকিৎসকদের একটি দল প্রায় ৫০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
বিশেষ করে চক্ষু রোগে আক্রান্তদের মধ্যে ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ১০০জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
অপারেশনের রোগীদের আগামী ০৩ অক্টোবর ২০২৬ তারিখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে । এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্তদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সরা এ ক্যাম্পেইনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।
সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকৃত হয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এ নিয়মিত আয়োজিত কার্যক্রম। শান্তি, সম্প্রীতি ও জন কল্যাণে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।