বান্দরবান পার্বত্য জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং নির্দিষ্ট এলাকাকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহমুক্ত এলাকা’ ঘোষণার লক্ষ্যে গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুরে বান্দরবান সদরের গ্রাউস (GRAUS – গ্রাম উন্নয়ন সংগঠন) কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বান্দরবান সদর এডিপি (GRAUS) দায়িত্ব পালন করে।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠন (GRAUS)-এর উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো, বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা এবং এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

আয়োজকেরা জানান, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বান্দরবান সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

সভায় আশীষ কুমার হালদার বাল্যবিবাহ প্রতিরোধে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা সম্ভব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বান্দরবানে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।