বান্দরবানের থানচি উপজেলার দুর্গম লাংলোক ঝর্ণা* এলাকায় ভ্রমণে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা মিরপুর থেকে ৬ সদস্যের একটি পর্যটক দল থানচির লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে যায়। ভ্রমণকালে দলের সদস্য নাফিস মাশরুর ইসলাম (পিতা- মো. নজরুল ইসলাম, গ্রাম- পূর্ব সেনপাড়া, মিরপুর, ঢাকা) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে বিজিবির সহায়তা কামনা করা হয়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে বিজিবির একটি বিশেষ টহল দল ২টি নৌকাযোগে দুর্গম লাংলোক ঝর্ণা এলাকায় দ্রুত পৌঁছে অসুস্থ পর্যটকসহ তার সঙ্গীদের উদ্ধার করে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলেই অসুস্থ পর্যটককে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদান করেন।

পরবর্তীতে দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে আজ বিকাল ৫ টার দিকে তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণ ও পর্যটকদের যেকোনো জরুরি প্রয়োজনে বিজিবি মানবিক সহায়তা প্রদান করে আসছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন।