গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলদানন্দ মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দীন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ জেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ জেহাদুল ইসলাম বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিল টুঙ্গিপাড়া উপজেলা যুবদল।

সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় (পঞ্চম শ্রেণি) ৯২ জন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) ২৯ জন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২৩ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ১২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, বাবা-মা ও অভিভাবকদের অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে জ্ঞান, নৈতিকতা ও আত্মশিক্ষায় নিজেদের সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হলে জ্ঞান, সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মাদকের বিস্তার রোধে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী, গ্যাসের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়েছে এবং খুব শিগগির বিদ্যুতের সমস্যারও সমাধান হবে।

সভাপতির বক্তব্যে কুলদানন্দ মল্লিক শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে হবে। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

তারা শিক্ষার্থীদের শিক্ষার কাজে প্রযুক্তির যথাযথ ব্যবহার করার পরামর্শ দেন এবং প্রযুক্তির প্রতি আসক্তি থেকে বিরত থাকার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, কৃতি শিক্ষার্থীদের এ ধরনের সম্মাননা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।