জামালপুরের ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহঃ) জেনারেল হাসপাতাল (প্রাঃ)-এর ৯ম বর্ষপূর্তি ও ১০ম বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতান মাহমুদ (বাবু) বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর। দেশের কোনো মানুষ যেন অর্থনৈতিক বা অন্য কোনো কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, একটি হাসপাতালের সেবার মান শুধু চিকিৎসক ও নার্সদের দায়িত্বশীলতার ওপর নির্ভর করে না, এর সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধের সহজলভ্যতা এবং রোগীবান্ধব পরিবেশও গুরুত্বপূর্ণ। তাই এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি হাসপাতালের চলমান চিকিৎসাসেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আরও উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের প্রতি মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
হযরত শাহ্ কামাল (রহঃ) জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অ্যাড. আনসার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সত্য ছায়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাফিয়ান জামান বিশাল।
আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান,নাজিম হোসেন লোমান,সহ সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
পরে হাসপাতালের ৯ম বর্ষপূর্তি ও ১০ম বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।