১৬ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানের থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩,৪০মিনিট দিকে উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে দায়িত্ব পালনরত চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ১৩টি দোকান ও দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিহার বিন্দু চাকমা বলেন, ২০২০ সালে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকানপাট পুড়ে গেছে। সর্বশেষ চলতি বছরও ১৩টি দোকান পুড়ে ছাই হলো। ঘুরে দাঁড়ানোর আগেই বারবার ক্ষতির মুখে পড়ছেন বলীপাড়ার ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, ১৩টি দোকানের কোনো দোকানদারই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।’
বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ‘অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও দোকানগুলোর মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে বারবার অগ্নিকাণ্ডে বলীপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা ও বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।