কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়।

নবগঠিত এডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক মুকুল (বিসিএস স্বাস্থ্য)-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম, অভিভাবক প্রতিনিধি কামরুল হাসান ও শিক্ষক প্রতিনিধি মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত এডহক কমিটির সভাপতি ডা. মো. এহসানুল হক মুকুলকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম। এ সময় কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ডা. মো. এহসানুল হক মুকুল তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, “বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও পড়াশোনার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর যৌথ ভূমিকা প্রয়োজন।”

এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের বিশেষ সুদৃষ্টি কামনা করেন।