“জনসেবা ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংকল্প আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার”-এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আদর্শ পৌরসভা গড়ার প্রত্যয়ে সুধী সমাবেশ করে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন আসন্ন কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ।

গত ১২ সেপ্টেম্বর শনিবার বাদ আছর নিজ গ্রাম পৌরসভার আশ্রবপুরে আয়োজিত তাঁর প্রথম সুধী সমাবেশ ও আলোচনা সভায় স্থানীয় বিপুলসংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাফেজ মো. শাহীন মিয়ার কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন আনু। মো. শহীদুল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এলাকা ও পৌরসভার বিশিষ্ট ব্যক্তিত্ব হযরত আলী, নূর চাঁন মিয়া, সোহেল আরমান, লিটন মিয়া, আব্দুল হাসিম, বাসির মিয়া, নিজাম উদ্দিন, আকবর আলী, খোকন মিয়া ও আব্দুল আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষিত না হলেও দীর্ঘদিন ধরে মেয়র প্রার্থী ঘোষণা দিয়ে কুলিয়ারচর পৌরসভার প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও হাট-বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন কাতার প্রবাসী আশ্রবপুর গ্রামের প্রয়াত ফজলুল হকের সন্তান পৌরবাসীর পরিচিত মুখ আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ। পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি মসজিদ-মাদ্রাসায় গিয়ে নামাজ আদায় করে ধর্মপ্রাণ মুসুল্লিদের নিকট দোয়া চাওয়ার পাশাপাশি তৃণমূলের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে এক গভীর আস্থা ও ভালোবাসার স্থান তৈরি করে নিয়েছেন। প্রবীণদের পাশাপাশি তরুণ সমাজের মধ্যেও তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

মরুভূমির দেশ কাতারে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ দোহা কাতার রিয়েল এস্টেট রেস্টুরেন্ট, হুমায়দি টাইপিং সেন্টার, হুমায়দি রেস্টুরেন্ট ও নাবিলা ক্লিনিং হসপিটালিটির স্বত্বাধিকারী। দেশেও তাঁর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত।

দাখিল পাশ করা আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ ধর্মীয় ও সামাজিক শিক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ‘কুলিয়ারচর ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। এছাড়া জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচরের সদস্যসহ এলাকার একাধিক মাদ্রাসায় সভাপতি ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিজের আশাবাদ ব্যক্ত করে হাফেজ মাওলানা হারুনুর রশিদ বলেন, “পৌরসভার শোষিত, বঞ্ছিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সৎ ও নিষ্ঠার সাথে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গঠন করাই আমার প্রধান লক্ষ্য।” পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা-ঘাট মেরামতসহ একটি আদর্শ ও উন্নত এলাকা গঠনে তিনি নিজেকে উৎসর্গ করার ঘোষণা দিয়ে পৌরসভার সর্বস্তরের সর্বশ্রেণী-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, সহায়-সম্পদ যা আছে তা দিয়ে বাকী জীবন অনায়াসে কেটে যাবে। আমি পৌরসভা থেকে কিছু নিতে নয় দিতে চাই। আমাকে আপনারা এ আসনে একবার বসিয়ে দেখেন, আমি পৌরসভার জন্য কি কি করতে পারি। আপনারা চাইলে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।

এলাকাবাসীর মতে, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার অবকাঠামোগত কাঙ্ক্ষিত উন্নয়নে দূরদর্শী নেতৃত্ব হিসেবে আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদের বিকল্প নেই।

আলোচনা সভায় স্থানীয় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ঘোষণা দিয়ে সকল শ্রেণির পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, আশ্রবপুর মহল্লার মরহুম ঝাড়ু মিয়ার ছেলে কারা নির্যাতিত নেতা কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন। উপস্থিত সকলেই একাত্মতা ঘোষণা করে মেয়র পদপ্রার্থী হিসেবে আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মো. দেলোয়ার হোসেনের জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. শাহীন মিয়া।