১১ সেপ্টেম্বর ২০২৬ আবেগঘন পরিবেশ ও হাজারো মানুষের অংশগ্রহণে কুমিল্লার পীর কাশিমপুর উত্তর পাড়ার নিবাসী শতবর্ষী আবুল হাসেম সরকারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় পীর কাশিমপুর উত্তর পাড়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে সহধর্মিণী মমতাজ বেগমের কবরের পাশে দাফন করা হয়।
এর আগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি সন্তানসন্ততিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রাজাবাড়ী কাসেমুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা হোসাইন আহমেদ ভুইয়া, নূরুর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম সরকার, সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, এবং মরহুমের ছেলে এস এম শাহিদুল হোসেন ও জাকির হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মাছরাঙা টেলিভিশন/বাংলাদেশ বেতারের সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নূর হোসেন জুয়েল ডাক্তার, সমাজসেবক হাতেম তাই ও মঈদ আহমেদ, আতিকুল ইসলাম মেম্বার, আমিনুল ইসলাম শাহজাহান, নাহিদ ওমরসহ এলাকার সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, মরহুম আবুল হাসেম সরকার বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বাঙ্গরা উপজেলা মৈত্রী ফোরামের অন্যতম সদস্য মো. শাহিদুল হোসাইন সরকারের বাবা।
অভিভাবকতুল্য এই শতবর্ষী ব্যক্তিত্বের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।