চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের চেসিস বক্সে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর দাবি, ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটির সামনের অংশে ইংরেজিতে “PRESS Daily Bangladesh Observer” লেখা একটি স্টিকার লাগানো ছিল। তবে আটক ব্যক্তি সত্যিই কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে—এমন তথ্য পায় র্যাব। এর ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আনোয়ারা থানাধীন এলপিজি অটো গ্যাস স্টেশনসংলগ্ন সৈয়দ কুচাইয়ার মোড়ে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেলটির হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার প্যাকেট পাওয়া যায়।
র্যাব জানায়, তল্লাশি চালিয়ে মোট ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক নুরুল আলম প্রকাশ মুজাহিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাবের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সাংবাদিক পরিচয় এবং মোটরসাইকেলে গণমাধ্যমের স্টিকার ব্যবহারের বিষয়টি নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।