কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গীর (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে বের হয়। রাত ২০:৩০ ঘটিকার সময় গাজীপুর এলাকার সালাউদ্দিনের দোকানের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে জাহাঙ্গীরকে আটক করে।
আটককৃত জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা রঙের পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ১ গ্রাম) বের করে দেয়। উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক জব্দ করে।
গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর গাজীপুর গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত রূপ মিয়া ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৮, তারিখ: ০৭.০৯.২০২৬ইং) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই মোঃ মতিউর রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।