৬ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক এএসআরের বিরুদ্ধে কোম্পানির পণ্য বিক্রির অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৬ সেপ্টেম্বর) থানচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কোম্পানির প্রতিনিধিরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে কোম্পানির প্রতিনিধি সনাতন বড়ুয়াসহ চারজন থানচি থানায় উপস্থিত হয়ে এএসআর উমংচিং মার্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, উমংচিং মার্মা ২০২৫ সালের ১ জানুয়ারি মেসার্স হাসেম ট্রেডিংয়ের মাধ্যমে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডে এএসআর হিসেবে নিয়োগ পান। দায়িত্ব পালনকালে তিনি থানচি বাজারের বিভিন্ন দোকানে কোম্পানির পণ্য সরবরাহ, বিক্রয়মূল্য সংগ্রহ এবং সংগৃহীত অর্থ ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব পালন করতেন।
কোম্পানির প্রতিনিধিদের অভিযোগ, গত ২৬ আগস্ট উমংচিং মার্মা থানচি বাজারের বিভিন্ন দোকানে কোম্পানির পণ্য সরবরাহ করেন। পরে ৩১ আগস্ট এসব পণ্যের বিক্রয়মূল্য বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করার কথা ছিল। সংগৃহীত অর্থ ১ সেপ্টেম্বর স্থানীয় কৃষি ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও তা জমা না দিয়ে তিনি অজ্ঞাত স্থানে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, অর্থ জমা না দেওয়ার বিষয়টি জানার পর কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তার অবস্থান নিশ্চিত করতে না পেরে ৬ সেপ্টেম্বর থানচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তের পরিচয়
নাম: উমংচিং মার্মা (২৩)
পিতা: সুইচিংমং মার্মা
মাতা: চিংয়েইথুই মার্মানী
স্থায়ী ঠিকানা: মেরিং চর পাড়া, ২৮৭ নম্বর তৈন মৌজা, আলীকদম, বান্দরবান।
বর্তমান ঠিকানা: টিএন্ডটি পাড়া, মোনাফের বাসা, ১ নম্বর থানচি সদর ইউনিয়ন, থানচি, বান্দরবান।
থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত উমংচিং মার্মার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিশেষ দ্রষ্টব্য: এটি কোম্পানির পক্ষ থেকে দায়ের করা একটি অভিযোগ। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী বা অর্থ আত্মসাৎকারী হিসেবে চূড়ান্তভাবে অভিহিত করা যাবে না।