গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধির ১ নম্বর গেটের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেনের বাড়িতে আত্মীয়ের সঙ্গে বেড়াতে এসেছিলেন।
আহত দুজন হলেন—টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা উত্তরপাড়ার দুলাল শেখের ছেলে মিতুল ওরফে দেলোয়ার (১৭) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের আফজাল ব্যাপারীর ছেলে ইয়াসিন ব্যাপারী (১৭)।
প্রাথমিকভাবে জানা গেছে, তিন কিশোর একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
এরপর গুরুতর আহত রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। অপর দুই আহত মিতুল ও ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়োব আলী বলেন, “এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রাফির পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।