জামালপুরের ইসলামপুরে গ্রেফতারকৃত হাসর আলী মন্ডল যুবদলের কোনো নেতা বা কর্মী নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলামপুর উপজেলা যুবদল। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে আখ্যায়িত করে সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও সত্যতা যাচাই ছাড়া খবর না ছাপানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হাসর আলী মন্ডল নামের ওই ব্যক্তির সাথে যুবদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি যুবদলের কোনো পদেও নেই। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিভ্রান্তিকরভাবে তাকে যুবদল নেতা হিসেবে প্রচারণা চালানো হচ্ছে।
একই সুর মিলিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল লুলু বলেন, হাসর আলী মন্ডল যুবদলের প্রাথমিক সদস্যও নন। ভিত্তিহীন সংবাদের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় প্রকাশ করার আগে সাংগঠনিক পদবী যাচাই-বাছাই করা জরুরি।
উল্লেখ্য, গাইবান্ধা ইউনিয়নের বাসিন্দা হাসর আলী মন্ডলকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। তবে তাকে ঠিক কী মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।