মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক সেবনের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ৯ যুবক। ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে মাদক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে তারা একসঙ্গে ১০০ রাকাত নফল নামাজ আদায় করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) মাদক সেবনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই ৯ যুবককে আটক করেন এলাকাবাসী। পরে তাদের দেহ তল্লাশি করে গাঁজা, কয়েকটি ইয়াবা বড়ি এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকের পর তাদের পুলিশের হাতে সোপর্দ করা, মাথা ন্যাড়া করে পুরো এলাকা প্রদক্ষিণ করানো—নাকি ১০০ রাকাত নফল নামাজ আদায় করে ভবিষ্যতে আর কখনো মাদকের ধারেকাছে না যাওয়ার তওবা করা, এই তিনটি শর্ত দেওয়া হয়। পরে যুবকরা শেষোক্ত শর্তটিই সানন্দে গ্রহণ করেন। স্থানীয়দের উপস্থিতিতে তারা ১০০ রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে নিজ নিজ অভিভাবকের জিম্মায় বাড়ি ফিরে যান।
এদিকে এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় সচেতন সমাজ। মাদকের মূল উৎপাটনে কথিত মাদক কারবারি রিয়াদকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ঘটনাটি সম্পর্কে জানতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আরমান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
মাদকের মতো একটি সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে স্থানীয়দের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসী ও সচেতন মহলে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।