দক্ষিণ পাইকসা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কিরাত, হামদ ও নাত প্রতিযোগিতা এবং এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার পর্ব শুরু হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে এতে অংশ নেয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে অনুষ্ঠানে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সুন্দর ও নৈতিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
​প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আকতার শিলা। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মনে মহানবী (সা.)-এর আদর্শ ও নৈতিকতার শিক্ষা পৌঁছে দিতে হবে। আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুই বিজয়ী, কারণ তারা প্রিয় নবীর শানে হামদ-নাত পরিবেশন করার সৌভাগ্য অর্জন করেছে।”
​অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।