কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৫ জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ ক্যাম্পের মেইন গেটের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল র্যাবের একটি দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুন পাড়ার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়ার মো. তারেক (১৯)।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।