জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজার থেকে রশিদপুর চৌরাস্তা পর্যন্ত একমাত্র ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষ ও যানবাহন চালকদের।
​জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটির সংস্কারে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে এগিয়ে এসেছেন রশিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোঃ জামিল হাসান তাপস। সম্প্রতি তিনি সড়কটির বিপজ্জনক অংশ ও গর্তগুলোতে ইটের আধলা/আবিশ ফেলে সাময়িকভাবে যাতায়াতের উপযোগী করার কাজ শুরু করেছেন।
​স্থানীয়দের ভাষায়, গরিব ও মেহনতী মানুষের বিপদে-আপদে যাকে সবসময় পাশে পাওয়া যায়, সেই অ্যাডভোকেট তাপসের এই উদ্যোগ সাময়িকভাবে হলেও পথচারীদের স্বস্তি দিয়েছে।
​এ বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডভোকেট মোঃ জামিল হাসান তাপস বলেন, “আমি এই রশিদপুরেরই সন্তান। নিজের এলাকাকে এভাবে অবহেলিত অবস্থায় দেখতে পারি না। সাময়িকভাবে মানুষের কষ্ট লাঘবে নিজ খরচে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।”
​নিজের ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে তিনি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ যদি তাঁকে সুযোগ দেয় এবং তিনি জয়ী হতে পারেন, তবে রশিদপুরকে আর পিছিয়ে পড়া বা অবহেলিত এলাকা হিসেবে থাকতে দেবেন না। জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে রশিদপুরকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
​স্থানীয় বাসিন্দারা তাঁর এই জনহিতকর উদ্যোগের প্রশংসা করেছেন এবং সড়কটি স্থায়ীভাবে পাকা ও পূর্ণাঙ্গ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।