মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামের দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লা এবং ইব্রাহিম একই এলাকার মহসিন মোল্লার ছেলে। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে কিছুদিন আগে একটি নতুন পুকুর খনন করা হয়েছিল এবং এর পাশে একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। রোববার সকালে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা ওই পাকা ঘাটের কাছে চলে যায়। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে দুজনেরই পা পিছলে পুকুরের গভীর পানিতে পড়ে যায়।
দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখতে পান স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শিশু সুরক্ষায় বাড়ির আশেপাশের পুকুর বা জলাশয়গুলোতে নিরাপত্তা বাড়াতে এবং অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।