২২ আগস্ট ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ পাঠ করান।
রাজপুত্র সাচিং প্রু জেরী ১৫তম বোমাং সার্কেল চিফ এবং সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অংশৈপ্রু চৌধুরীর দ্বিতীয় পুত্র। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি পার্বত্য অঞ্চলের রাজনীতি ও জনসম্পৃক্ততায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সাচিং প্রু জেরী ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর এবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বান্দরবানসহ পার্বত্য তিন জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।
এ সময় বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাচিং প্রু জেরীর সামনে পাহাড়ের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, পর্যটন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্য এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অধিকারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে।