কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ছয়সূতি ইউনিয়ন ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ছয়সূতি খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিদ্দিক মিয়া (মেম্বার), ছয়সূতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েতউল্লাহ খান এবং ছয়সূতি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হানিফ মিয়াসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছয়সূতি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাকিল মিয়া।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে গাজিরচর একাদশ ও ভৈরব মর্নিং এফসি। খেলা শুরু হওয়ার পর থেকেই দুই দলের টানটান উত্তেজনা ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের প্রথম ম্যাচকে ঘিরে ছয়সূতি ও এর আশেপাশের এলাকা থেকে আসা ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ছিল উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা এবং নতুন ফুটবল প্রতিভা বিকাশের লক্ষ্যেই নিয়মিতভাবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।