পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড় বাজারে সামাজিক ও মানবিক সংগঠন ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন’-এর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অত্যন্ত উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণের পাশাপাশি স্থানীয় নানা সামাজিক সমস্যা চিহ্নিত করে তা নিরসনে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শামসুল আলম তৌফিকের সভাপতিত্বে ও হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিনিধি সাংবাদিক এম. এ বাতেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক নূরে আলম ভূইয়া (ফারুক), জাফরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. ছমির উদ্দিন, গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. সজীব মিয়া ও মো. রতন মিয়া।
এছাড়া হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোছা. নিলুফা আক্তার নীলা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মানবাধিকার সুরক্ষার পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ ও সমাজকে সুন্দর রাখা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।”
সভা শেষে উপস্থিত সকলের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয় এবং এলাকার যেকোনো সামাজিক সমস্যা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।