বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার মহিলা বিভাগের নেতৃবৃন্দ জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুর মহল আশরাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি বিউটি বেগম। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম, জেলা কর্মপরিষদ সদস্য সুরমা আক্তার, হাওয়া আক্তারসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​বৈঠক সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে মহিলা বিভাগের নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা জানান, জেলার যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
​এদিকে, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের এই সহযোগিতার আগ্রহকে আন্তরিকভাবে স্বাগত জানান জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফি। তিনি বলেন, “জেলার সার্বিক অগ্রগতি ও উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” মহিলা বিভাগের নেতৃবৃন্দের এই সহযোগিতামূলক ও ইতিবাচক মনোভাবকে তিনি সাধুবাদ জানান।