জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

​সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর সদরের লাহিড়ীকান্দা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত এ কে এম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীন ইসলামপুর উপজেলার সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া এলাকার এ কে এম ফজলুল হকের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে প্রাইভেটকারযোগে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিলেন সহকারী জজ ছামিউল হক। পথিমধ্যে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা বাজার এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সহকারী জজ ছামিউল হক।

​দুর্ঘটনায় কার চালক ইদ্রিস আলী গুরুতর আহত হলে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

​ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।