আলোচিত বকশিগঞ্জের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার দ্রুত বিচার, মামলার চার্জশিট থেকে মূল আসামিদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসি) দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জামালপুর প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার কর্মরত সংবাদিকবৃন্দ এবং মরহুম সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু ও তার ছেলের নেতৃত্বে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার চার্জশিট থেকে মূল আসামিদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী ও পরিবার। এ খবর ছড়িয়ে পড়লে জামালপুরের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বক্তারা অবিলম্বে নাদিম হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। অন্যথায়, আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।