ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় একই মায়ের তিন বোনের এক যুবককে একসঙ্গে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে তিন বোন বিকাশ নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অমরোহার হাসানপুর এলাকার ধৌরিয়া গ্রামের বাসিন্দা সরোজ, সাবিত্রী ও সন্তোষ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল ও ভিডিও তৈরি করতেন। বিকাশ তাদের ভিডিওর চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন। কাজের সূত্রে পরিচয় থেকে ঘনিষ্ঠতা তৈরি হলে তিন বোনই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি ও ঘোমটা পরিহিত তিন বোন বরের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন। হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বিকাশ তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক সম্পন্ন করেন।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে পুরোহিত ছাড়া উভয় পক্ষের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু উপস্থিত ছিলেন না। ঘটনার ভিডিও প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা ধরনের আলোচনা, বিস্ময় ও বিতর্ক।
তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো চ্যালেঞ্জ আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশিত হয়নি। এছাড়া ভারতীয় আইনের দৃষ্টিতে এই বিয়ের আইনগত বৈধতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।