সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করছে খাগড়াছড়ির জেলার রামগড় ৪৩ বিজিবি।

বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে রামগড় ৪৩ বিজিবি’র উদ্যোগে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)-এর সার্বিক দিক-নির্দেশনায় জোন সদর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়িত করা হয়।

এসময় ৪৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় বস বাসরত পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, কৃষি জমির জন্য স্প্রে মেশিন ও প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ, মাদ্রসা ও মন্দিরে আর্থিক অনুদান, উচ্চ শিক্ষা, গরীব ও দূস্থ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বিজিবি’র এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।