বান্দরবানের দুর্গম থানচি উপজেলা থেকে জেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল লোকাল বাস। কিন্তু দীর্ঘদিন ধরে থানচি–বান্দরবান সড়কে নিয়মিত লোকাল বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজসহ নিত্যপ্রয়োজনে যাতায়াতকারী হাজারো মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, লোকাল বাস বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকেই প্রয়োজনীয় কাজে জেলা সদরে যেতে পারছেন না। যারা বাধ্য হয়ে যাতায়াত করছেন, তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে একদিকে যেমন অর্থনৈতিক চাপ বাড়ছে, অন্যদিকে সময় ও ভোগান্তিও বহুগুণে বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ করে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন। জরুরি প্রয়োজনে সহজ ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ভুক্তভোগীরা জানান, থানচির মতো দুর্গম এলাকার মানুষের জন্য নিয়মিত লোকাল বাস একটি অপরিহার্য সেবা। অথচ দীর্ঘদিন ধরে এ সেবা বন্ধ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে জনদুর্ভোগ দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত থানচি–বান্দরবান রুটে নিয়মিত লোকাল বাস চালুর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।