১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি এবং কলেজের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে তুরাগ থানায় জিডিটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে,জিডিতে উল্লেখ করা হয়েছে যে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। এর ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার তার নেই বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
জিডিতে আরও বলা হয়,সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয় ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে। কলেজের অভিযোগ,ওই বক্তব্যে সরকারবিরোধী উসকানিমূলক মন্তব্যও ছিল।
কলেজ কর্তৃপক্ষের দাবি,তিনি বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও মাইলস্টোন কলেজের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ কারণে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে,কলেজের দায়ের করা সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।