বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি বলে জানিয়েছে জেলা পুলিশ।তদন্তে দেখা গেছে, সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরা বহরের সামনের একটি গাড়ির চাকায় লেগে ছিটকে পেছনে নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স(এসএসএফ)-এর একটি জিপে গিয়ে আঘাত করে।
মঙ্গলবার(১৪ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুরের পুলিশ সুপার মো:হাবিবুর রহমান। তিনি বলেন,পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার(১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহরটি রাজৈরের সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে এসএসএফের একটি জিপে ইটের টুকরা এসে লাগে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে গাড়িবহরে ইট নিক্ষেপের দাবি ওঠে এবং কয়েকটি গণমাধ্যমেও সে ধরনের সংবাদ প্রকাশিত হয়।
পুলিশ সুপার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পুলিশ,র্যাব,সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থল পরিদর্শন,ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, বহরের দিকে কেউ ইট বা পাথর নিক্ষেপ করেনি। সড়কে পড়ে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে পেছনের গাড়িতে গিয়ে আঘাত করে।
তিনি আরও বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে এক যুবককে সন্দেহ করা হলেও ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, তিনি পুরো সময় নিজের মোবাইল ফোনে গাড়িবহরের ভিডিও ধারণ করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তার বিরুদ্ধে ইট নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ সুপার মো.হাবিবুর রহমান বলেন,এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।