দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা।

মোমিন ইসলাম সরকার
দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি।
‎
‎রোববার (৫ জুলাই) বিকেল ৩টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় পৌর প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
‎
‎বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) সাখওয়াদ আলী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।
‎
‎বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ২২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৯৮৫ টাকা। এছাড়া উন্নয়নসহ বিভিন্ন খাতে আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‎
‎তিনি বলেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক আলোকসজ্জা, নাগরিক সেবার সম্প্রসারণ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পৌরবাসীর জীবনমান উন্নয়ন ও একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য।
‎
‎পৌর প্রশাসক আরও বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত ও সেবাবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব।
‎
‎বাজেট ঘোষণা শেষে উপস্থিত অতিথিরা পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।