সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
খুলনা: সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। রোববার (১২ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূল ও নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং বনজ ও মৎস্যসম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সুন্দরবনে জলদস্যু দমন ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত দেড় বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পাশাপাশি ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানে হরিণের মাংস, ফাঁদসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ এবং শিকারিদের আটক করা হয়েছে।
এছাড়া অবৈধ জাল ও রেণুপোনা জব্দের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি রোধ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
কোস্ট গার্ড জানায়, সম্প্রতি কিছু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’সহ বিভিন্ন যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে নৌবাহিনী, র্যাব, পুলিশ ও বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশ নিচ্ছে।
বর্তমানে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এতে দস্যুদের তৎপরতা ও চাঁদাবাজি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছে কোস্ট গার্ড।
সংস্থাটি জানিয়েছে, সুন্দরবন সম্পূর্ণ দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply